
হুগলি, ২২ জুলাই (হি.স.): রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর আর ফিরে আসেননি। অবশেষে বুধবার নিখোঁজ যুবকের সন্ধানে নিয়ে আসা হলো পুলিশ কুকুর। ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালির মির্জানগরে। নিখোঁজ যুবকের নাম সূর্যকান্ত মাঝি।
বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিশ্বকাপ ফাইনাল দেখার নাম করে বাড়ি থেকে বেরোন ওই যুবক। কিন্তু খেলা শেষ হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর চালানো হলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনায় নতুন মোড় নেয়, যখন সূর্যকান্তর পরিবার জানতে পারে, পাশের এলাকা মাকালপুরে একটি পুকুরের পাড়ে ওই নিখোঁজ যুবকের জুতো পড়ে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান| থানায় খবর দেওয়া হয়।
বুধবার নিখোঁজ যুবকের খোঁজে ঘটনাস্থলে আনা হয় পুলিশের ডগ স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। সেইসঙ্গে, পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সূর্যকান্ত নিখোঁজ হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ