
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): তফসিলি জাতি (এসসি) অধ্যুষিত এলাকা এবং প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (পিএম-অজয়)-এর আওতাভুক্ত এলাকার সরকারি স্কুলগুলিতে ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এর প্রসার ঘটাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর লক্ষ্য, সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা শ্রেণির পড়ুয়াদের মধ্যে নেতৃত্বের গুণ, শৃঙ্খলা, চরিত্র গঠন এবং জাতীয় সেবার মনোভাব গড়ে তোলা।
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মঙ্গলবার রাজ্যসভায় সাংসদ চন্দ্রকান্ত দামোদর হান্ডোরের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই উদ্যোগের আওতায় মোট ২৬৩টি সরকারি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৫টি স্কুলে ইতিমধ্যেই এনসিসি ইউনিট চালু রয়েছে। আটটি স্কুল রয়েছে অপেক্ষমাণ তালিকায়। বাকি ২৩০টি স্কুল এখনও এনসিসি ইউনিট স্থাপনের জন্য আবেদন করেনি।
আঠাওয়ালে জানান, এনসিসি ইউনিট তৈরির প্রক্রিয়া দ্রুত করতে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতর সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ওই ২৩০টি যোগ্য সরকারি স্কুলের তালিকা পাঠিয়েছে। এর ফলে ওই স্কুলগুলিতে এনসিসি ইউনিট চালুর প্রক্রিয়া সহজ হবে এবং আরও বেশি পড়ুয়া এর সুবিধা পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য