
নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও স্লোগানের মধ্যেই মঙ্গলবার রাজ্যসভায় পেশ হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬। বিল পেশের পরেও সভায় হইচই অব্যাহত থাকায় রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ অধিবেশন বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর সভার কাজ শুরু হলে উপ-সভাপতি হরিবংশ সরকারি কাজকর্ম শুরু করার অনুমতি দেন। এরপর কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঁঝিকে এমএসএমই উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬ পেশের অনুমতি দেওয়া হয়।
বিল পেশ করে মন্ত্রী বলেন, ২০০৬ সালে তৈরি এমএসএমই উন্নয়ন আইনে সময়ের সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে। সংশোধনীর মূল লক্ষ্য হল এমএসএমই সংস্থাগুলির বকেয়া অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়সীমা আরও কার্যকর করা, নিয়ম ভাঙার ক্ষেত্রে শাস্তির বিধান কঠোর করা এবং জরিমানার ব্যবস্থা আরও শক্তিশালী করা।
তিনি জানান, এই সংশোধনীর মাধ্যমে ব্যবসা সংক্রান্ত কিছু প্রক্রিয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি তাদের পাওনা অর্থ দ্রুত পেতে সুবিধা হবে এবং ব্যবসায়িক লেনদেনে আরও স্বচ্ছতা আসবে।
এদিকে, বিল পেশের সময় বিরোধী সাংসদরা রাজধানীতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন তাঁরা। যদিও শাসক দলের সাংসদরা এর বিরোধিতা করেন।
বিরোধীদের বিক্ষোভের মধ্যে উপ-সভাপতি হরিবংশ বারবার সভার কাজ চালাতে সহযোগিতার আবেদন জানান। তবে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত রাজ্যসভার কাজকর্ম বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য