
ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস কেন্দ্রের, কৃতজ্ঞতা জ্ঞাপন হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : অসমের চলমান বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি জানতে আজ বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের চলমান পদক্ষেপের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে অসমের বর্তমান বন্যা পরিস্থিতি এবং চলমান ত্রাণ ও উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য নিয়েছেন। তিনি রাজ্যের বিভিন্ন স্তরের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সাহায্য, পুনর্বাসন এবং পুনর্গঠনের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই দুর্যোগের সময় অমিত শাহ স্পষ্ট বলেছেন, অসমের মানুষের স্বার্থে ইতিমধ্যেই ইন্টার-মিনিস্টেরিয়াল দল পাঠানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলিও রাজ্য সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে।
পোস্টে ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, এই কঠিন সময়ে অসমের মানুষের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আন্তরিক সহমর্মিতা, ধারাবাহিক সহযোগিতা এবং দৃঢ় প্রতিশ্রুতির জন্য তিনি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস