
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): দেশজুড়ে বুধবার আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়েছে। শক্তি, সাহস এবং দ্রুততার প্রতীক বাঘ ভারতের জাতীয় পশু। বাঘ সংরক্ষণ, তাদের জন্য প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিই এই দিনটি পালনের অন্যতম প্রধান লক্ষ্য। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে প্রতিবছর ২৯ জুলাই দিনটি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞান ভিত্তিক নীতি গ্রহণের মাধ্যমে ভারত বাঘ সংরক্ষণে পথপ্রদর্শক হিসাবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৭০ শতাংশ বাঘের আবাসস্থল ভারত।
আন্তর্জাতিক ব্রাঘ্য দিবসে বন্যপ্রাণীপ্রেমী সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের মোট বাঘের সংখ্যার প্রায় ৭০ শতাংশই ভারতে রয়েছে। তিনি আরও জানান, প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাসের যে সুপ্রাচীন সংস্কৃতি ভারতে রয়েছে, তা থেকেই বাঘ সংরক্ষণ কার্যক্রম অনুপ্রেরণা লাভ করে। পাশাপাশি বাঘ সংরক্ষণে বনকর্মী, বিজ্ঞানীদের প্রচেষ্টা এবং নিষ্ঠাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ