
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের রফতানি ক্ষেত্রে জন্য একটি বিশাল পরিবর্তন বা 'গেম চেঞ্জার' হতে চলেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সঙ্গে একটি বৈঠকের পর তিনি জানান, আগামী ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রফতানি প্রমোশন কাউন্সিলের কর্তাদের আত্মবিশ্বাস ও উৎসাহ ছিল চোখ পড়ার মতো। যেসব মুক্ত বাণিজ্য চুক্তি ধীরে ধীরে কার্যকর হচ্ছে, তা নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। মন্ত্রী আরও উল্লেখ করেন, এই চুক্তি কার্যকর হলে ইউরোপের বাজারে ভারতীয় পণ্য ও পরিষেবার রফতানির এক বিশাল সুযোগ উন্মুক্ত হবে। যা ভারতকে ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে পৌঁছে দিতে সহায়ক হবে। বর্তমানের ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে ২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের বিশ্ব শক্তিতে রূপান্তরিত করার যে লক্ষ্য ভারত নিয়েছে, এই বাণিজ্যিক চুক্তিগুলি তাতে মূল অনুঘটক হিসেবে কাজ করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ