
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দাবি করেছেন, প্রশ্নফাঁসরোধী বিলটি যাবতীয় প্রশ্নফাঁসের চক্রকে ভেঙে দেবে এবং পরীক্ষায় স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে। বুধবার নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘লোকসভায় পাবলিক এক্সামিনেশন—প্রিভেনশন অব আনফেয়ার মিনস—অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ পাস হয়েছে। কঠোরতর শাস্তি, দ্রুত বিচারের জন্য আদালত, উন্নত তদন্ত ব্যবস্থা এবং পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মাধ্যমে এই বিলটির লক্ষ্য হল প্রশ্নপত্র ফাঁসের চক্রকে ভেঙে দেওয়া এবং পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানো।
উল্লেখ্য, প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল (পাবলিক এক্সামিনেশন—প্রিভেনশন অব আনফেয়ার মিনস—অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬) বুধবার পাস হয়েছে লোকসভায়। নিট-কেলেঙ্কারি নিয়ে পড়ুয়াদের আন্দোলনের আবহেই প্রশ্নফাঁস রুখতে আরও কড়া আইন আনার কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণা অনুযায়ী, সোমবার এই বিল লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গল এবং বুধবার, লোকসভায় দু’দিন আলোচনার পরে অবশেষে ধ্বনিভোটে এই বিল পাস হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ