
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): জাতীয় স্তোত্র বন্দে মাতরম-কে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাস হয়েছে জাতীয় সম্মান অবমাননা সংশোধনী বিল, ২০২৬। প্রিভেনশন টু ইন্সাল্টস (সংশোধন) বিল, ২০২৬ বুধবার রাজ্যসভায় পেশ করা হয়। ১৯৭১ সালের প্রিভেনশন টু ইন্সাল্টস আইন–কে সংশোধনের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। প্রস্তাবিত এই বিলটির উদ্দেশ্য হলো, জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয়েরই বিধান রাখা হয়েছে।
আলোচনা শুরু করে বিজেপি সাংসদ ডঃ রাধামোহন দাস আগরওয়াল বলেন, গত ১২৩ বছর ধরে ‘বন্দে মাতরম’-কে অবমাননা করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় স্তোত্রতে অনুপ্রাণিত হয়েই দেশের বিপ্লবীরা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। আগরওয়াল অভিযোগ করেন, ১৯২৩ সালে কংগ্রেসের এক অধিবেশনে তৎকালীন কংগ্রেস সভাপতি বন্দে মাতরমের প্রতি অনাদর প্রকাশ করেছিলেন। ওয়াইএসআরসিপি-র গোল্লা বাবুরাও, কক্ষের সকল সদস্যকে জাতীয় স্তোত্রকে সম্মান জানানোর আহ্বান জানান। বিলটি আনার জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ