
বাঁকুড়া, ৩ জুলাই (হি. স.): রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের চালু হলো ১২৫ দিনের কাজের প্রকল্প। শুক্রবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার বহু মানুষের হাতে নতুন করে কাজের সুযোগ তৈরি হবে। জলাধার খনন, পুকুর সংস্কার, রাস্তা নির্মাণ ও মেরামতের মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্থানীয় শ্রমিকদের যুক্ত করা হবে। তাঁদের মতে, এর ফলে একদিকে গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন ঘটবে, অন্যদিকে কর্মসংস্থান বৃদ্ধি পেয়ে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।বৃহস্পতিবার থেকেই রঘুনাথপুর মৌজায় শ্রমিকরা কাজে যোগ দেন। দীর্ঘদিন পর প্রকল্পটি পুনরায় চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশা, নিয়মিত কাজের সুযোগ সৃষ্টি হলে তাঁদের আয় বাড়বে এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়