
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : উৎসবের মরশুমের মুখে ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য কলকাতায় শুরু হলো তিন দিনব্যাপী ‘ট্যুরিজম ফেয়ার ২০২৬’। শুক্রবার থেকে শহরের খুদিরাম অনুশীলন কেন্দ্রে এই মেলা শুরু হয়েছে, যা আগামী রবিবার পর্যন্ত চলবে। মেলার আয়োজক সংস্থা ‘ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। আসন্ন উৎসবের মরশুমের আগে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সহজ করতে এক ছাদের তলায় সমস্ত তথ্য ও পরিষেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
এবারের মেলায় অংশ নিয়েছে ভারতের পর্যটন মন্ত্রক, পশ্চিমবঙ্গ পর্যটন দফতর, উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম, চণ্ডীগড় ট্যুরিজম-সহ দেশের একাধিক রাজ্যের সরকারি পর্যটন সংস্থা। এর পাশাপাশি বিভিন্ন নামী ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল ও পর্যটন শিল্পের প্রতিনিধিরাও মেলায় নিজেদের স্টল দিয়েছেন। প্রথম দিন অর্থাৎ উদ্বোধনের দিন থেকেই ভ্রমণপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ব্লু আই ইন্ডিয়ার ডিরেক্টর সুব্রত ভৌমিক বলেন, এই মেলা শুধু একটি পর্যটন প্রদর্শনী নয়, এটি পর্যটন শিল্পের বিকাশ ও নতুন সম্ভাবনার ক্ষেত্রও বটে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক উত্তম দাস, ইন্ডিয়া ট্যুরিজমের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর পি. কে. গৌতম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রণব প্রকাশ জানান, পশ্চিমবঙ্গে পর্যটনের আরও প্রসারে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিভিন্ন দূরদর্শী উদ্যোগ নিয়ে কাজ করছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত