বাড়ির ওপর বালিবোঝাই ট্রাক উল্টে ৮ জন আহত
ভাগলপুর, ৩ জুলাই (হি.স.) : বিহারের নৌগাছিয়া পুলিশ জেলার ভবানীপুর থানার এলাকায় শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ৩১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালিবোঝাই ট্রাক রাস্তার ধারের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। ঘটনায় একই পরিবারের অন্তত আটজন আহত হয়েছেন
বাড়ির ওপর বালিবোঝাই ট্রাক উল্টে ৮ জন আহত


ভাগলপুর, ৩ জুলাই (হি.স.) : বিহারের নৌগাছিয়া পুলিশ জেলার ভবানীপুর থানার এলাকায় শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ৩১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালিবোঝাই ট্রাক রাস্তার ধারের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। ঘটনায় একই পরিবারের অন্তত আটজন আহত হয়েছেন। এছাড়া ট্রাক ও বালির নিচে দুই শিশু চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জোরকদমে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি খাগাড়িয়ার দিক থেকে এসে ভবানীপুর থানার সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ভবানীপুর থানার পুলিশও পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় তাঁদের নারায়ণপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন ইন্দু দেবী (৪০), নীরজ কুমার (২২), গুড্ডু মালিক (২৮), কারে মালিক (১৪), মমতা কুমারী (১৭), স্বপ্না কুমারী (১২), মৌসম কুমারী (২০) এবং সাত মাসের প্রীতম কুমার। গুরুতর আহত ইন্দু দেবীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য মায়াগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, গুড্ডু মালিকের দুই সন্তান এখনও ট্রাক ও বালির নিচে চাপা পড়ে থাকতে পারে। তাঁদের উদ্ধারে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবানীপুর থানার পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande