
দুর্গাপুর, ৩ জুলাই (হি.স.) : বিভিন্ন শিল্প কারখানায় অস্থায়ী শ্রমিকের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য অ্যাভিনিউ এলাকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ওই কার্যালয় থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু বেকার যুবক-যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। কিন্তু অনেকেই প্রতিশ্রুত চাকরি পাননি। এই অভিযোগে ক্ষুব্ধ একদল মানুষ এদিন কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকরাও প্রতিবাদে সামিল হন।
স্থানীয় বিজেপি নেত্রী সুমনা ভট্টাচার্য বলেন, চাকরির নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে। আমরা প্রতারিতদের পাশে দাঁড়িয়েছি। হয় তাঁদের চাকরি দিতে হবে, না হলে নেওয়া টাকা ফেরত দিতে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ প্রতারিত না হন, সেই দাবিতেই আমরা আন্দোলন করছি।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, চুরি ও লুঠপাটের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাকরির নামে প্রতারণার অভিযোগ এবং কার্যালয়ে ভাঙচুর—দুই বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা