
শ্রীনগর,৩ জুলাই (হি.স.) : নির্ধারিত তারিখের আগে কোনও তীর্থযাত্রীকে অমরনাথ গুহা দর্শনের অনুমতি দেওয়া হবে না বলে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিজেদের নির্ধারিত তারিখ পর্যন্ত অপেক্ষা করে সেই দিনই যাত্রা শুরুর আবেদন জানানো হয়েছে।
প্রশাসনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিদিন অমরনাথ যাত্রাপথে নির্দিষ্ট সংখ্যক তীর্থযাত্রীকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রা নির্বিঘ্ন রাখতে এই দৈনিক সীমা কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক।
প্রশাসন জানিয়েছে, যাত্রা শুরুর অনেক আগেই দেশের বিভিন্ন ব্যাঙ্ক–এর শাখা এবং অনলাইন মাধ্যমে অগ্রিম নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছিল। অধিকাংশ তীর্থযাত্রী ইতিমধ্যেই সেইমতো নিবন্ধন সম্পন্ন করেছেন। এই কারণে বর্তমানে তাৎক্ষণিক নিবন্ধনের সুযোগ অত্যন্ত সীমিত। তাই অগ্রিম নিবন্ধন সম্পূর্ণ করার পরেই জম্মু ও কাশ্মীরে পৌঁছানোর জন্য সমস্ত তীর্থযাত্রীদের অনুরোধ জানিয়েছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস