
শিলিগুড়ি, ৩ জুলাই (হি.স.) : শিলিগুড়িস্থিত মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’-য় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে শুক্রবার একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান।
প্রশাসনিক বৈঠকে মূলত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলা, আগাম প্রস্তুতি এবং বর্ষাকালে ত্রাণ ও উদ্ধারকাজের খতিয়ান নিয়ে পর্যালোচনা করা হয়। সবকটি জেলা প্রশাসনকে বন্যা সতর্কীকরণ ব্যবস্থা আরও জোরদার করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ত্রাণ কার্য নিশ্চিত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে মালদার গাজোলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের (এনবিডিডি) একটি নতুন আঞ্চলিক কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, সাম্প্রতিক ময়নাগুড়ি বাস দুর্ঘটনার পর সড়ক সুরক্ষার বিষয়টি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাসগুলিতে আরও উন্নত ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে জাতীয় সড়কগুলিতে রাতের বেলা দুর্ঘটনার জেরে বসানো ব্যারিকেডগুলি সরিয়ে ফেলা এবং বিএলআরও কার্যালয়গুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। উত্তরবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি