
হুগলি , ৩ জুলাই (হি.স.): দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা ফের চালু করে দিলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। আর এই বাস পরিষেবা চালু হবে জেনে স্থানীয় মানুষ জন যারা নিত্য দিনই যাতায়াত করেন তারা রীতিমতো খুশি। অভিযোগ যে,তৃণমূলের আমলে এই রুটে বাস মালিকদের সঙ্গে ট্রেকার মালিকদের পরিষেবা নিয়ে মনো মালিন্য হয়। তাতে করে তৎকালীন শাসক দলের নেতৃত্ব কোনও সমাধান করতে পারেন নি। তাই দীর্ঘ দিন ধরেই বাস মালিকেরা তাদের ক্ষতি স্বীকার না করেই,বাস বন্ধ করে দিয়েছিলেন। খানাকুলের চব্বিশ পুর থেকে তারকেশ্বর রুটে চলত এই বাস। খানাকুলের প্রত্যন্ত ও একাংশের হাজার হাজার মানুষ নিত্য দিন এই রুটে তারকেশ্বর, চাঁপাডাঙা,সব বিভিন্ন স্থানে অতি সংক্ষেপেই যাতায়াত করতে পারেন। এত দিন এই রুটেই ট্রেকার চলে। ট্রেকারের ভাড়া অনেকটাই বেশি। ফলে বাসে সেই তুলনায় ভাড়া অনেকটাই কম। তাই সাশ্রয়ের দিকেও উপকৃত হবেন যাত্রীরা।
জানা গেছে,আগামী ৭ জুলাই থেকে আপাতত এই রুটে পাঁচটি বাস চলবে। খানাকুলের চব্বিশ পুর বাস স্ট্যাণ্ড থেকে এই এলাকার চিংড়া,বলাইচক,অরুন্ডা, মোস্তাফা পুর, ছত্রশাল,বালিপুর, পূর্ব রাধানগর সহ বিভিন্ন গ্রামের মানুষ জন নিত্য দিন যাতায়াত করেন। স্কুল ও কলেজ পড়ুয়ারাও এই রুটে যাতায়াত করেন। সেই ক্ষেত্রে কলেজ ও স্কুল পড়ুয়াদের ট্রেকারে সম্পূর্ণ ভাড়া দিতে হত। সেখানে বাসে তাদের ছাড় দেওয়া হয়। আর তাতেই তাদের আনন্দের সীমা নেই। তবে বাস চলাচলের খবরে ট্রেকার চালকরা বলেন,তাদের কেনো আপত্তি থাকবে না। বিধায়ক নিজে উদ্যোগ নিয়েছেন। সেখানে প্রতিবাদের কোন বিষয় থাকতে পারে না। তবে কিছু যাত্রী তো বাসেই যাবে। ফলে লভ্যাংশ কমবে। তাতে আমাদের কিছু টা ক্ষতি হলেও যাত্রীরা পরিষেবা পাবেন ভালো ভাবে।
শুক্রবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে এক ট্রেকারের চালক সঞ্জয় দাস বলেন, আমাদের কোন সমস্যা নেই। বাস চলতেই পারে। বাস রুটে বাস চলবে তাতে আর বলার কি আছে। যাত্রীরাও স্বাচ্ছন্দ বোধ করবেন। যেখানে তাদের সুবিধা সেখানেই তারা উঠবেন।
বাস চলাচল শুরু হবে এই কথা শুনে নিত্য যাত্রীরাও বেশ খুশি। নিত্য যাত্রী সায়ন দাস বলেন,খুবই সুবিধা হল। কারণ বাসের ভাড়া আর ট্রেকারের ভাড়া অনেকটাই তফাৎ। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা খুবই ভালো হল। তারা কনসেশন পাবে। যে ভাড়া বাসে উঠেই দিতে হয় পাঁচ টাকা সেখানে ট্রেকারে দিতে তার ডাবল ভাড়া। তাই বাস পরিষেবা চালু হলে বহু মানুষই উপকৃত হবেন। আমরাও চাই বাস চলুক। এখন ছাব্বিশ টার মত ট্রেকার চলছে। আর ৭ জুলাই থেকে পাঁচ টি বাস চলবে। খানাকুলের এই এলাকা সব দিক থেকেই পিছিয়ে পড়া। যোগাযোগ বিচ্ছিন্ন। তাই ট্রেকার চলছিল।মানুষ কে সেই ভাবেই যাতায়াত করতে হচ্ছিল। উপায় ছিল না কিছু। তাই বেশি ভাড়া গুনেই যেতে হত আমাদের। বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন,আমরা লক্ষ করেছিলাম যে তৃণমূল এই বাস পরিষেবা বন্ধ করে দিয়েছিল। আমাদের সরকার ফের বাস চলাচল শুরু করছে। ৭ জুলাই থেকে পাঁচটি বাস এই রুটে চালু করা হচ্ছে। এতে সাধারণ মানুষের উপকার হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA