
পালামু, ৩ জুলাই (হি.স.) : ঝাড়খণ্ডের পালামু জেলার হায়দারনগর থানার অন্তর্গত বিন্দু বিঘা গ্রামে বিবাদের জেরে ধারালো অস্ত্রের হামলায় আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে চিত্ররঞ্জন পাসোয়ান নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে দীপক পাসোয়ান ও তাঁর স্ত্রী রূপা দেবীর উপর হামলা চালায়। হামলার সময় তাঁদের আট মাসের শিশুটিও গুরুতর জখম হয়।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হুসেনাবাদ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত রূপা দেবী ও দীপক পাসোয়ানকে উন্নত চিকিৎসার জন্য মেদিনীনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হায়দারনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তানজিলুল মানান জানান, বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চিত্ররঞ্জন পাসোয়ানকে গ্রেফতার করে।
চিকিৎসক ডা. রাকেশ রঞ্জন জানিয়েছেন, দীপক পাসোয়ানের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস