
হাফলং (অসম), ৩ জুলাই (হি.স.) : রাজ্যজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত। এরই মধ্যে ডিমা হাসাও জেলা পুলিশ আজ শুক্ৰবার ২৩১.৩১ গ্রাম সন্দেহজনক হেরোইনের সঙ্গে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত হাফলং থানার অন্তর্গত জাটিঙ্গা-লামপুর এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে নাকা তলাশি চালায়। এক সময় শিলচর থেকে লামডিংগামী এএস ১১ ইসি ০৭৩৬ নম্বরের একটি পণ্যবাহী ৪০৭ মিনিট্রাক আটক করেন পুলিশের অভিযানকারীরা।
তালাশি চালিয়ে মিনিট্রাকের ইউরিয়া ট্যাংকে তৈরি একটি গোপন চেম্বার থেকে ২০টি সাবানের কেসে লুকিয়ে রাখা মোট ২৩১.৩১ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ। এর সঙ্গে মাদক এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও তথ্য এবং সম্ভাব্য চক্রের সন্ধানে পুলিশ জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, ডিমা হাসাও জেলার বুক চিরে ধাবিত শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের ২৭ নম্বর জাতীয় সড়ক এখন মাদক পাচারকারীদের অন্যতম রুটে পরিণত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব