
হুগলি, ৩ জুলাই (হি.স.) : দ্বিতীয়বারের তলবে অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটে থানায় হাজিরা দেন তিনি। পরনে আইনজীবীর পোশাক এবং সঙ্গে আইনজীবীকে নিয়ে থানায় পৌঁছন প্রাক্তন সাংসদ। শ্রীরামপুর থানা থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঘিরে জটলা তৈরি হয় শ্রীরামপুর থানা চত্বরে।
স্বামীর গ্রেফতারির সময় পুলিশকে হেনস্তার অভিযোগে শ্রীরামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। তাতেই পরপর দু’বার থানায় তলব করা হয় অপরূপাকে।
রামনবমীর মামলায় হামলার অভিযোগে তিন বছর আগেকার মামলায় গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী সাকির আলি। মঙ্গলবার দুপুরে রিষড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে এনআইএ। বিকেলে পুলিশের সাহায্যে তাঁকে বাড়ি থেকে বের করা হয়। সেইসময় কার্যত আছড়ে পড়ে জনবিক্ষোভ।
কাউন্সিলরের গ্রেফতারি আটকাতে বাড়ি থেকে পুলিশের গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। স্বামীর এমন অতর্কিত গ্রেফতারি মেনে নিতে পারেননি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় মেজাজ হারান অপরূপা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত