
গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে ট্রেন নম্বর ০৮০৪৭/০৮০৪৮ সাঁতরাগাছি-নাহরলগুন-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনের সময়সীমা আজ ৩ জুলাই থেকে ১আগস্ট পর্যন্ত আরও পাঁচটি ট্রিপের জন্য উভয় দিক থেকে বৃদ্ধি করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, এই স্পেশাল ট্রেনের সময়সীমা সম্প্রসারণের ফলে ভ্রমণের সর্বোচ্চ চাহিদার সময় পশ্চিমবঙ্গ, অসম ও অরুণাচল প্রদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা উন্নত সংযোগ এবং অতিরিক্ত ভ্রমণের সুবিধা পাবেন।
তিনি জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৭ সাঁতরাগাছি-নাহরলগুন ৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতি শুক্রবার ১৮:০০ ঘণ্টায় সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন ২০:৫০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রায় স্পেশাল ট্রেন নম্বর ০৮০৪৮ নাহরলগুন-সাঁতরাগাছি ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রতি শনিবার ২৩:৫৫ ঘন্টায় নাহরলগুন থেকে যাত্রা শুরু করে পরের সোমবার ০৪:১৫ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছাবে।
এই ট্রেনগুলোর স্টপেজ ও সময়সূচির বিস্তারিত বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইট, বিভিন্ন সংবাদপত্র এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রা শুরুর আগে বিস্তারিত তথ্য যাচাই করে নিতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস