
আরামবাগ , ৩ জুলাই (হি.স.) : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ায় শুক্রবার গোঘাট-২ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বহু মহিলা উপভোক্তা। তাঁদের অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং অনলাইন-অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন সম্পন্ন করার পরও এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছায়নি।
এদিন বদনগঞ্জ-সহ বিভিন্ন এলাকা থেকে আসা মহিলারা বিডিও অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। তাঁদের অভিযোগ, একাধিকবার বিডিও অফিসে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রকৃত উপভোক্তাদের।
বিক্ষোভে অংশ নেওয়া বদনগঞ্জ এলাকার বাসিন্দা মৌসুমী দাস বলেন, আমি অনলাইন ও অফলাইন—দুইভাবেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি। তারপরেও এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসেনি। বহুবার অফিসে এসেও কোনও সমাধান পাইনি।
বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা না এলে আগামী দিনে গোঘাট-২ বিডিও অফিসে তালা ঝুলিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে কিছু সময় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA