
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালন নিয়ে আদালত অবমাননার মামলায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট।
শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত অবমাননার মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা দেবে। আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি।
রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না, জানিয়েছিল আদালত। অভিযোগ, সেই নির্দেশ ২০২৫ সালে মানেনি তৃণমূল। আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা আটকে ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা করা হয়েছিল।
তাতে বহু মানুষ সমস্যায় পড়েছিলেন। এই সংক্রান্ত মামলাতেই মমতা ও অভিষেককে নোটিস দিয়েছিল হাই কোর্ট। এ বার মমতা-সহ মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত