
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনেই বিতর্ক। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা তা বয়কট করে বাইরে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস তৃণমূল কংগ্রেসকে ভাঙার রাজনীতিতে সামিল রয়েছেন।
শুক্রবার থেকে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দু'দিনের বিধায়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা, বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ নারায়ণ সিং, রাজ্যপাল আর. এন. রবি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ একাধিক শীর্ষনেতা উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা হয়। কুণাল ঘোষও সেখানে পৌঁছন এবং বিধায়ক প্রতিনিধি কার্ড সংগ্রহ করেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই তিনি অনুষ্ঠান বয়কট করে হল থেকে বেরিয়ে যান।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন বিধায়ক হিসেবে এই কর্মসূচিতে আসা তাঁর কর্তব্য ছিল, কিন্তু সেখানে থাকা বা না থাকা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদে তৃণমূল থেকে আলাদা হওয়া সাংসদদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না, অন্যদিকে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসও এই ধরনের দলত্যাগী নেতাদের স্বীকৃতি দিচ্ছেন।
কুণাল ঘোষ সাফ জানান, তিনি এই নেতাদের কাছ থেকে সংসদীয় ঐতিহ্য এবং নিয়ম শিখবেন না। সংসদীয় কার্যপ্রণালী ও রীতিনীতি সম্পর্কে জানতে তিনি প্রাক্তন বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই পরামর্শ নেবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি