
কোচবিহার, ৩ জুলাই (হি.স.) : নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জেলায় ‘মা আহার’ ক্যান্টিন চালু করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার থেকে এই ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় সাধারণ মানুষকে মাছ-ভাত দেওয়া শুরু হয়েছে।
এর আগে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কোচবিহার পৌরসভার তত্ত্বাবধানে ‘মা ক্যান্টিন’ থেকে পাঁচ টাকায় ডিম-ভাত পাওয়া যেত। এবার সেটিরই নতুন নামকরণ করে ‘মা আহার’ করা হয়েছে।
উদ্বোধনের দিন ক্যান্টিনের মেনুতে ছিল ভাত এবং মাছের ঝোল, যার সুবিধা নেন প্রায় ৩০০ মানুষ। মাত্র পাঁচ টাকায় মাছ-ভাত মেলায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই পরিষেবা এখন থেকে নিয়মিত চালু থাকবে। ডিম-ভাতের পাশাপাশি এবার থেকে সপ্তাহে দু'দিন মেনুতে মাছও অন্তর্ভুক্ত করা হবে। এই ক্যান্টিনটি প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, যেখানে অত্যন্ত সস্তা দরে খাবার মিলবে। সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগে শহরের মানুষের মধ্যে সন্তোষ ও উৎসাহ দেখা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি