
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : বস্ত্র মন্ত্রকের অধীনস্থ ভারত সরকারের সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআই) চলতি অর্থবর্ষের (২০২৬-২০২৭) বর্তমান ফসল বছরের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ঘোষণা করেছে। এই নতুন হার গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
ভারত সরকারের পক্ষ থেকে টিডি-৩ (মিডল গ্রেড) মানের পাটের জন্য প্রতি কুইন্টালে ৫,২৯৫ টাকা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি, জুট কমিশনারের অফিস ২০২৬-২০২৭ (জুলাই ’২৬ থেকে জুন ’২৭ পর্যন্ত) অর্থবর্ষের নিরিখে অন্যান্য বিভিন্ন গ্রেডের পাটের ক্ষেত্রেও (টিডি-৩ ব্যতীত) এমএসপি হার ঘোষণা করেছে। গত ১ জুলাই থেকেই এই ন্যূনতম সহায়ক মূল্যের হার প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পাট চাষীদের পরিষেবা দিয়ে আসছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই মুহূর্তে কর্পোরেশন গর্বের সঙ্গে পাট চাষী পরিবার ও কৃষক সম্প্রদায়ের জন্য নিবেদিত সেবার ৫৫ বছর পূর্ণ করল।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধা পাওয়ার জন্য এবার ডিজিটাল স্লট বুকিং করা বাধ্যতামূলক। ডিজিটাল বুকিং না করা হলে এই সুবিধা পাওয়া যাবে না। পাট চাষী তথা কৃষকদের জমির প্রমাণ সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। এরপর প্রতি বিঘা জমির অনুপাত অনুসারে ৪ কুইন্টাল পাট নেওয়া হবে। চলতি জুলাই মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই সুবিধা মিলবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যথাক্রমে—জেসিআই-এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার পানিগ্রাহী, ডেপুটি জুট কমিশনার নীরজ কুলহারি, জেনারেল ম্যানেজার (অপারেশন) কল্যাণ কুমার মজুমদার এবং ন্যাশনাল জুট বোর্ডের সচিব শশীভূষণ সিং।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত