
শিলিগুড়ি, ৩ জুলাই (হি.স.) : উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র নিশানা করলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার দেশের বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরকে কটাক্ষ করেন তিনি। সেলিমের অভিযোগ, সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে বড় শিল্পপতিদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মিড-ডে মিলে সয়াবিন ব্যবহার নিয়ে কেন্দ্র সরকারের নীতিরও কড়া সমালোচনা করেন মহম্মদ সেলিম। পাশাপাশি, দেশজুড়ে চলা ‘বুলডোজার নীতি’ নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন যে, অবৈধ দখলদারী হটানোর নামে শ্রমজীবী মানুষের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলি দ্রুত খোলার দাবি জানিয়ে তিনি বলেন, এর ফলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। এই বিষয়ে সরকারকে অবিলম্বে জোরালো পদক্ষেপ নেওয়ার আর্জি জানান সেলিম।
তবে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা শোনার জন্য নিয়মিত এই অঞ্চলে সফর করা উচিত।
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, তাঁর সফরগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আনুষ্ঠানিক ছিল, যা থেকে কোনও বাস্তব সমাধান সূত্র মেলেনি।
শিক্ষা ক্ষেত্রে কথিত দুর্নীতিসহ তৃণমূল জমানার বিভিন্ন বিষয়ের ওপর শ্বেতপত্র প্রকাশের দাবি জানান সেলিম। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সোনালি