
ঝাড়গ্রাম, ৩ জুলাই (হি. স.): জঙ্গলমহলের জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ঝাড়গ্রামের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভে সামিল হন পরিবারের সদস্য, ঝুমুর শিল্পী এবং কুর্মি সমাজের বহু মানুষ।পরিবারের দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মের পর মা ও নবজাতক সুস্থ ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর রজনীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার আরও অবনতি হয় এবং ভোররাতে তাঁর মৃত্যু হয়।ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পরে ঝাড়গ্রাম থানায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং নার্সিংহোমের মালিক ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।উল্লেখ্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। অভিযোগের বিষয়ে নার্সিংহোম বা অভিযুক্ত চিকিৎসকের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়