
বিড, ৩ জুলাই (হি.স.) : পুণের লোনাভলার ঐতিহাসিক লোহগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়ালকে খাদে ফেলে হত্যার ঘটনায় এবার সামনে এল মহারাষ্ট্রের বিড জেলার যোগসূত্র। তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্তরা প্রথমেই বিডের এক যুবকের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী কেতন আগরওয়ালকে লোহগড় দুর্গের খাদে ঠেলে দেন। ঘটনার পর দু'জনেই প্রথমে বিডের ওই যুবকের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ আলোচনা করেন বলে তদন্তে জানা গিয়েছে।
লোনাভলা গ্রামীণ পুলিশ বর্তমানে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হত্যার ষড়যন্ত্র সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন কি না বা অভিযুক্তদের কোনওভাবে সাহায্য করেছিলেন কি না।
মোবাইলের কল ডিটেলস, লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ এই গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে। বিডের ওই যুবকের ভূমিকা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তাঁর কোনও যোগ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য