
পালওয়াল, ৩ জুলাই (হি.স.) : পালওয়াল শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা শুক্রবার সরেজমিনে পরিদর্শন করলেন পালওয়ালের ডেপুটি কমিশনার ড. জয়েন্দ্র সিং চিল্লার। পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পরিদর্শনের সময় তিনি কিথওয়ারি রোড, সাল্লাগড় স্কুল এলাকা, সুখরাম হাসপাতাল সংলগ্ন নিউ এক্সটেনশন কলোনি, আদর্শ কলোনি এবং আর্য নগর-সহ একাধিক জলমগ্ন এলাকা ঘুরে দেখেন। সেখানে নর্দমায় আবর্জনা জমে থাকা এবং জল নিষ্কাশনের পথে বাধা থাকায় বিভিন্ন স্থানে জল জমে রয়েছে বলে তিনি দেখতে পান। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ডেপুটি কমিশনার সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে সমস্ত নর্দমা ও জল নিষ্কাশনের পথ পরিষ্কার করার নির্দেশ দেন, যাতে দ্রুত জমা জল বের করে সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।
তিনি বলেন, বর্ষাকালে জল জমার সমস্যা মোকাবিলায় সব দফতরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলির উপর বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি জল নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং সাফাইয়ের কাজে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। ড. চিল্লার বলেন, নাগরিকদের সুবিধাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই জল জমার অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস