
ক্যানিং, ৩ জুলাই (হি. স.) : ধৃত পঞ্চায়েত প্রধানকে জেরায় বড়সড় সাফল্য পেল পুলিশ। অভিযুক্ত সালাউদ্দিন সর্দার, যিনি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি লম্বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগেই ক্যানিং এর নারায়ণপুর অঞ্চলের তৃণমূল নেতা তথা প্রধানকে গ্রেফতার করে জীবনতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সালাউদ্দিন সর্দারকে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্য অনুযায়ী বনমালিপুর আদর্শ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি খেজুর গাছের নীচে অত্যন্ত কৌশলে আগ্নেয়াস্ত্রগুলি লুকিয়ে রাখা হয়েছিল। একটি সাদা বস্তায় মুড়ে কাঠের একটি ব্লকের নীচে অস্ত্রগুলি রাখা ছিল। চারপাশে কাঠের গুঁড়ো ভর্তি একাধিক সাদা বস্তা রেখে অস্ত্রগুলি আড়াল করার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের দাবি।
অভিযানে মোট চারটি লম্বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে ওই অস্ত্রগুলি সেখানে মজুত করে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই উদ্ধার অভিযান সফল হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
অন্যদিকে এলাকার মানুষের ত্রাস এই তৃণমূল নেতাকে শুক্রবার বিকেলে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে ঘোরানো হয় এলাকায়। এদিন নারায়ণপুর বাজার এলাকায় সালাউদ্দিনকে সাথে নিয়ে এলাকায় ঘোড়ায় পুলিশ। সালাউদ্দিন ভীতি কাটানোর জন্যই পুলিশ এদিন তাকে এলাকায় ঘোড়ায়।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা