
কলকাতা, ৩ জুলাই (হি. স.):-কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুক্রবার রাজ্যের বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা-সহ বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ও বিশিষ্ট অতিথিরা। হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও ওডিশা-সহ একাধিক রাজ্যের বিধানসভার অধ্যক্ষও অনুষ্ঠানে যোগ দেন।প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিধানসভায় বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের নিয়ম, সংসদীয় রীতি-নীতি এবং কার্যপ্রণালি সম্পর্কে তাঁদের আরও দক্ষ করে তোলা। অনুষ্ঠানের শুরুতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে গার্ড অব অনার জানানো হয়। পরে অতিথিদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশকে সম্মাননা জানানো হয়। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি বিধায়কদের সংসদীয় দক্ষতা ও আইন প্রণয়ন সংক্রান্ত কাজের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়