
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : শুক্রবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান-সহ একঝাঁক বিধায়ক তৃণমূল ভবনের কার্যালয়ে গিয়ে বসেন। খবর পেয়েই সেখানে পৌঁছে যান কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। দু’পক্ষই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলে।
কুণালেরা পৌঁছোনোর কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। কার্যালয় ‘দখল’ নিয়ে পুলিশের সঙ্গে কুণালকে কথা বলতে দেখা যায়। কুণাল জানান, কী হয়েছে পুরো বিষয়টি বোঝার পরেই দলীয় নেতৃত্বকে জানাবেন তিনি। অর্থাৎ মমতা বা অভিষেকের সঙ্গে কথা বলবেন। নেতৃত্বের নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে।
পার্টি অফিস ‘দখলের’ বিষয়টি পুলিশকে বোঝান কুণাল।
তিনি জানান, ২০২৭ সাল পর্যন্ত তৃণমূলের সঙ্গে এই ভবন নিয়ে মালিকের সঙ্গে চুক্তি রয়েছে। তবে উপস্থিত পুলিশ আধিকারিক কুণালদের স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা কখনই তালা ভেঙে ভিতরে ঢুকতে পারবেন না। তালা খুলে যদি ঢুকতে চান, তাতে পুলিশের কোনও আপত্তি নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত