
চেন্নাই, ৪ জুলাই (হি.স.) : তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে পৌঁছেছে। আহত আরও এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে তামিলনাড়ু স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর।
স্বাস্থ্য দফতরের তরফে জানা গেছে , গত ২১ জুন ঘটে যাওয়া এই শিল্প দুর্ঘটনায় মোট ৮৩ জন শ্রমিক অসুস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যে ৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখনও ১৪ জন মহিলা শ্রমিক চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীনদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে, একজন অক্সিজেন সাপোর্টে রয়েছেন। বাকি ১২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বর্তমানে সাতজন শ্রমিক রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে, চারজন ভেলস হাসপাতালে, দু'জন ভেঙ্কটেশ্বরা হাসপাতালে এবং একজন স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, আহতদের চিকিৎসা এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। জেলা প্রশাসন ও বিভিন্ন হাসপাতালের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই ওই কারখানায় কর্মরত পরিযায়ী শ্রমিক। মৃত ১৮ জনের মধ্যে ১৪ জন ওড়িশার, দু'জন অসমের এবং একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। আরও এক মৃত শ্রমিকের দেহ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নিজ রাজ্যে পাঠানো হবে। ইতিমধ্যেই ১৭ জনের দেহ বিমানযোগে তাঁদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুর অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত এই গ্যাস লিকের ঘটনায় বহু শ্রমিক গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হন। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য