
মুম্বই, ৩ জুলাই (হি.স.) : মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার ও হরিয়ানা থেকে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই মামলায় এক মহিলা-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল।
শুক্রবার গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত হলেন বিহারের সমস্তিপুরের সোনুকুমার সিনহ (৩৩) ও মিথুনকুমার সিনহ (৩৪) এবং হরিয়ানার সোনিপতের কপিল কৃষ্ণ দাহিয়া (৪১)। তাঁদের আদালতে তোলা হলে বিচারক ৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্তঃরাজ্য চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই চক্র একাধিক রাজ্যে সক্রিয় থাকতে পারে।
প্রসঙ্গত, গত ২৮ জুন মহা-টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার আগের দিন থানে জেলার ভিওয়ান্ডি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে মহারাষ্ট্র স্টেট এক্সামিনেশন কাউন্সিল ফাঁস হওয়া প্রশ্নপত্রের সত্যতা যাচাই করে পরীক্ষা বাতিল করে এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য