
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : বাংলাদেশি নাগরিকদের জন্য ফের পর্যটক ভিসা (ট্যুরিস্ট ভিসা) দেওয়া শুরু করল ভারত। এই পরিষেবা পুনরায় চালু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ ভিসার জন্য আবেদন জানিয়েছেন। ভিসা পরিষেবা চালুর পর বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এই অভূতপূর্ব সাড়া মেলায় দুই দেশের মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ‘মেডিক্যাল ভ্যালু ট্রাভেল’-এর তাৎপর্য নিয়ে বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছে দেশের প্রথম সারির স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ফর্টিস হেলথকেয়ার’।
এই প্রসঙ্গে ফর্টিস হেলথকেয়ার-এর গ্রুপ চিফ অপারেটিং অফিসার (জিসিওও) অনিল বিনায়ক শুক্রবার বলেন, “বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকারের পর্যটক ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র এবং মেডিক্যাল ভ্যালু ট্রাভেলের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। আবেদনকারীদের মধ্যে যে বিপুল সাড়া দেখা গেছে, তা প্রমাণ করে যে ভারতের হাসপাতালগুলির প্রতি বাংলাদেশের রোগীদের দীর্ঘদিনের আস্থা আজও অটুট রয়েছে। মূলত ভারতের চিকিৎসকদের উচ্চ দক্ষতা, তুলনামূলকভাবে সাশ্রয়ী চিকিৎসা ব্যয়, ভৌগোলিক নৈকট্য এবং উন্নত চিকিৎসার ফলাফলই এই গভীর আস্থার প্রথম ও প্রধান ভিত্তি।”
তিনি আরও যোগ করেন, “দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সাময়িক অনিশ্চয়তার সময়েও স্বাস্থ্য পরিষেবা বরাবরই দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এখন যাতায়াত ব্যবস্থা আরও সহজ হলে বাংলাদেশের রোগীরা সময়মতো তাঁদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা পেতে পারবেন। একই সঙ্গে আঞ্চলিক ক্ষেত্রে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদার হবে এবং চিকিৎসার অন্যতম সেরা ও পছন্দের গন্তব্য হিসেবে আন্তর্জাতিক মানচিত্রে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে।”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত