
শ্রীনগর, ৩ জুলাই (হি.স.) : অমরনাথ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে শ্রীনগরের ট্রানজিট যাত্রা শিবিরে তীর্থযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানাল শ্রীনগর পুলিশ। অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় রেখে যাত্রীদের নিরাপত্তা, যাতায়াত এবং প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে শহরজুড়ে কড়া নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শহরের নির্ধারিত যাত্রাপথ, ট্রানজিট শিবির, আবাসন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখা, তীর্থযাত্রীদের কনভয়ের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তীর্থযাত্রীদের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সহায়তা কেন্দ্র, হেল্প ডেস্ক এবং জরুরি দল গঠন করেছে শ্রীনগর পুলিশ। দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, শ্রীনগরে অবস্থান ও যাতায়াতের সময় প্রতিটি তীর্থযাত্রীকে দ্রুত পরিষেবা দিতে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল সংক্রান্ত পরামর্শ, আবহাওয়ার সর্বশেষ তথ্য, জরুরি পরিষেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা দ্রুত পৌঁছে দিতে বিশেষ যোগাযোগ ব্যবস্থাও চালু করা হয়েছে।
প্রশাসন ও পুলিশের সরকারি নির্দেশিকা এবং তথ্যের উপরই ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে তীর্থযাত্রীদের। পাশাপাশি নিরাপত্তাকর্মী ও যাত্রা পরিচালনাকারী কর্তৃপক্ষের নির্দেশ কঠোরভাবে মেনে চলা, শুধুমাত্র অনুমোদিত কনভয়ের সঙ্গে যাত্রা করা, বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ, পরিত্যক্ত বস্তু বা জরুরি পরিস্থিতি নজরে এলে অবিলম্বে নিকটবর্তী পুলিশকর্মী বা জরুরি হেল্পলাইনে জানাতে অনুরোধ করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস