
কলকাতা, ৩ জুলাই (হি.স.): দেশজুড়ে পাটচাষের জমির পরিমাণ বা বহর বেড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে এই চাষ আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (জেসিআই) আধিকারিকরা। তবে চাষের জমি বাড়লেও পাটের সার্বিক উৎপাদন না বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
জেসিআই-এর পরিসংখ্যান অনুযায়ী, জমি বৃদ্ধির পরেও চলতি বছরে পাট চাষিদের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৭৬ লক্ষ বেল। অথচ এর আগে এই উৎপাদনের পরিমাণ ছিল ৯২ লক্ষ বেল। অর্থাৎ, বিগত বছরের তুলনায় এবার উৎপাদন প্রায় ১৬ লক্ষ বেল কম হতে চলেছে।
সাম্প্রতিক অতীতের এক পরিসংখ্যান তুলে ধরে এদিন জেসিআই কর্তারা জানান, চলতি বছরে চাষিদের লক্ষ্যমাত্রা ছিল ৬ লক্ষ হেক্টর জমিতে পাট চাষ করার। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হলেও চাহিদার নিরিখে উৎপাদনের এই ছবি চরম ব্যর্থতাকেই তুলে ধরছে। ন্যাশনাল জুট বোর্ডের সচিব শশীভূষণ সিং এদিন জানান, সাধারণত অন্যান্যবার ৪.৮ লক্ষ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়ে থাকে। তবে এবার বাংলার মাটিতে পাটচাষের লক্ষ্যমাত্রা অনেকটাই বৃদ্ধি পায়। পরিসংখ্যান অনুযায়ী, এবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাভাবিকের তুলনায় আরও ১ লক্ষ ৩০ হাজার হেক্টর বেশি জমিতে পাটের চাষ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত