
তারকেশ্বর , ৩ জুলাই (হি.স.): আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার তারকেশ্বর পৌরসভার উদ্যোগে পলিথিন ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বর্জনের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। সামনেই শুরু হতে চলেছে শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমকে সামনে রেখে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলনিকাশি ব্যবস্থা সচল রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা।
এদিন পৌরসভার আধিকারিক ও কর্মীরা তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানান। পলিথিনের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহ দিতে স্থানীয় দোকানদারদের হাতে পাঁচটি করে কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের জানানো হয়, সরকারি নির্দেশিকা অমান্য করে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে আগামী দিনে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরসভার প্রচারে জানানো হয়, ৭৫ মাইক্রনের নিচে পলিথিন ক্যারি ব্যাগ, প্লাস্টিকের কাপ, থালা, চামচ, গ্লাস এবং থার্মোকল (পলিস্টাইরিন) দিয়ে তৈরি সামগ্রীর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও নর্দমা ও জলনিকাশি ব্যবস্থা সচল রাখতে এবং পরিবেশ দূষণ রোধে পৌর এলাকার সর্বত্র নির্দিষ্ট বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়।
বিশেষ করে আসন্ন শ্রাবণী মেলায় আগত লক্ষাধিক পুণ্যার্থীর উদ্দেশে কড়া বার্তা দিয়ে পৌরসভা জানিয়েছে, কেউ যেন পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার না করেন। মেলার সময় পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও পৌরসভা যৌথভাবে নজরদারি চালাবে বলেও জানানো হয়েছে।
এই প্রসঙ্গে তারকেশ্বর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহন কিশোর চ্যাটার্জী জানান, “পরিবেশ রক্ষা এবং তারকেশ্বরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। শ্রাবণী মেলাকে সামনে রেখে আমরা চাই ব্যবসায়ী থেকে শুরু করে পুণ্যার্থী—সকলেই প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করুন। আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তবে আমাদের মূল লক্ষ্য শাস্তি নয়, সচেতনতা বৃদ্ধি।”
শ্রাবণী মেলার আগে পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ। তাঁদের মতে, প্রশাসনের ধারাবাহিক প্রচার ও সাধারণ মানুষের সহযোগিতায় তারকেশ্বরকে প্লাস্টিকমুক্ত ও আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA