বাড়িতে ঢুকে মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাই, গ্রেফতার ২, উদ্ধার নগদ ১.৩৫ লক্ষ
আগরতলা, ৩ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে মারধর করে নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব আগরতলা থানার পুলিশের তৎপরতায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে
দুই ছিনতাইকারী গ্রেফতার


আগরতলা, ৩ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে মারধর করে নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব আগরতলা থানার পুলিশের তৎপরতায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। তবে ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজে পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

ঘটনাটি পূর্ব আগরতলা থানাধীন লালবাহাদুর ব্যায়ামাগার সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রাজেশ ত্রিপুরা নামে জনৈক ব্যক্তি ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর বন্ধু ধনঞ্জয় ত্রিপুরা পুরনো একটি গাড়ি কেনার উদ্দেশ্যে নগদ দুই লক্ষ টাকা নিয়ে আগরতলায় আসেন এবং রাজেশ ত্রিপুরার বাড়িতে ওঠেন।

অভিযোগ, সেই সময় রাজেশ বাড়িতে উপস্থিত ছিলেন না। ধনঞ্জয় ঘরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তিন থেকে চারজন দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে। তারা ধনঞ্জয়কে বেধড়ক মারধর করে এবং তাঁর কাছে থাকা নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) শংকর সাহার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।

শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায় জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে ধৃতদের নাম প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, ঘটনায় আরও দুই অভিযুক্ত জড়িত রয়েছে। তাঁদের গ্রেফতারের জন্য একাধিক জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি ছিনতাই হওয়া বাকি অর্থ উদ্ধারের চেষ্টাও চলছে।

রাজধানীর ব্যস্ত এলাকায় দিনের বেলায় বাড়িতে ঢুকে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় লালবাহাদুর ব্যায়ামাগার সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। তাঁরা দ্রুত পলাতক অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশের দাবি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই পলাতক অভিযুক্তদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে তদন্তকারী দল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande