
নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): প্রশ্নপত্র ফাঁস, ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপ এবং পেলেট গান (ছররা) চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিরোধী ইন্ডি জোটের সাংসদরা বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল, ধর্মেন্দ্র যাদব, সঞ্জয় রাউত এবং কিশোরী লাল শর্মা-সহ বিরোধী দলগুলির বহু সাংসদ।
বিরোধী সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে স্লোগান দেন| একটি পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা| তাতে লেখা ছিল 'অর্ডার কিসনে দিয়া' (আদেশ কে দিয়েছিল)। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের পেলেট গান ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা| এই পোস্টারের লেখা সেই উদ্দেশ্যেই বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সমাজ মাধ্যমে লেখেন, আর কতদিন দেশকে জবাব দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত, আর বিরোধী সাংসদরা সংসদ ভবনের মকর দ্বারে প্রতিবাদ করছেন। বিরোধীরা স্পষ্ট জবাব চায়, পড়ুয়াদের ওপর পেলেট গান চালানোর নির্দেশ কে দিয়েছে? কেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে লোকসভায় বলতে বাধা দেওয়া হয়েছে?
প্রসঙ্গত, বিরোধী সাংসদদের অভিযোগ, ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপ এবং পেলেট গান ব্যবহারের ঘটনা গুরুতর| সরকারের এই বিষয়ে জবাব দেওয়া উচিত। সরকার পড়ুয়াদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ বিরোধীদের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ