
কাঠমান্ডু, ৩০ জুলাই (হি.স.) : নেপালের সুনসরি জেলার দেওয়ানগঞ্জ, সিরহা-সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংস ঘটনা ও তার জেরে তৈরি হওয়া সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি দেশবাসীর কাছে শান্তি, সংযম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের কথা জানান।
প্রধানমন্ত্রী নিহত জয়প্রকাশ মেহতা, ওমপ্রকাশ মেহতা ও গণেশ যাদবের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার নিরপেক্ষ তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দোষী যে-ই হোক, আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশবাসীকে গুজব, উসকানিমূলক বার্তা ও বিদ্বেষমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর আস্থা রাখার এবং কোনও বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা সম্প্রদায়কে দোষারোপ না করার আবেদন জানান।
ভাষণের শেষে প্রধানমন্ত্রী বলেন, নেপালের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেয়, বিভাজনের নয়। তিনি জোর দিয়ে বলেন, দেশের ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতিই নেপালের সবচেয়ে বড় শক্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য