৩৫২'জন বিশেষ চাহিদাসম্পন্নের হাতে সহায়ক সরঞ্জাম প্রদান
কলকাতা, ৩১ জুলাই (হি. স.) : সুবর্ণদ্বীপে ৩৫২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে তুলে দেওয়া হলো সহায়ক সরঞ্জাম। হাসনাবাদের কাছে স্বেচ্ছাসেবী সংস্থা ''জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি''-র তরফে শুক্রবার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বনির্ভরতা
জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ


কলকাতা, ৩১ জুলাই (হি. স.) :

সুবর্ণদ্বীপে ৩৫২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে তুলে দেওয়া হলো সহায়ক সরঞ্জাম।

হাসনাবাদের কাছে স্বেচ্ছাসেবী সংস্থা 'জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি'-র তরফে শুক্রবার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বনির্ভরতা বাড়াতে সুবর্ণদ্বীপ আশ্রমে একটি সহায়ক সরঞ্জাম বিতরণ শিবিরের আয়োজন করা হয়। আলিমকো -র সহযোগিতায় আয়োজিত ওই শিবিরে উপভোক্তাদের হাতে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, ক্রাচ, সিপি চেয়ার, রোলেটর, থেরাপি সামগ্রী, কমোড চেয়ার-সহ মোট ২৮ ধরনের সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়েছে। এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি উপভোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদের বিডিও সমীর মণ্ডল, জয়েন্ট বিডিও সোমনাথ ঘোষ, সমাজসেবী নিমাই দাস, প্রসেনজিৎ ভৌমিক, বিশ্বজিৎ সরদার ও খগেন্দ্রনাথ মণ্ডল। বিডিও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সমাজসেবা। সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

কলকাতার আমানত ফাউন্ডেশনের প্রতিনিধি জালালউদ্দিন আহামেদ জানান, ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে ছাগল পালন প্রকল্পে সহায়তা করা হবে। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল ইসলাম মণ্ডল জানান, ২১ ও ২২ আগস্ট প্রবীণদের জন্য মূল্যায়ন শিবির হবে। স্পেশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আফসার গাজী জানান, ৮ অগস্ট ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য সহায়তা দেওয়া হবে। সম্পাদক পিয়ার আলী গাইন বলেন, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande