
মালদা, ৪ জুলাই (হি. স.):-পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পরপর পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি-সহ একাধিক গাড়িকে পিছন থেকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর-ঝিমুলি ক্রসিং সংলগ্ন এলাকায় গাজোলমুখী একটি ডাম্পার হঠাৎ দ্রুতগতিতে এসে সামনে থাকা গাড়িগুলিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে ডাম্পার, লরি-সহ মোট পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়ার পর থেকেই এলাকায় দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তাঁদের দাবি, গত এক সপ্তাহে নারায়ণপুর এলাকায় একাধিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অবিলম্বে জাতীয় সড়কে পুনরায় ব্যারিকেড বসানো এবং ট্রাফিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়