
ঘাটাল, ৪ জুলাই (হি. স.) : অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছানোয় শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পৌরসভায় বিক্ষোভ দেখান একাধিক মহিলা। তাঁদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের অনেকেই এখনও সরকারি প্রকল্পের সুবিধা পাননি, অথচ যাঁদের প্রয়োজন নেই, তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই টাকা পেয়েছেন।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটালের বিধায়ক শীতল কপাট। তিনি বিক্ষোভরত মহিলাদের অভিযোগ শোনেন এবং তাঁদের আশ্বস্ত করেন যে, অনলাইনে তথ্য আপলোডের ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যা হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যা দ্রুত সমাধানের জন্য অস্থায়ী কর্মীও নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান।বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত যোগ্য উপভোক্তাকেই নিয়ম মেনে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। কেউ বঞ্চিত হবেন না বলেও তিনি আশ্বাস দেন। পরে উপস্থিত মহিলাদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন।বিধায়কের আশ্বাসের পর বিক্ষোভরত মহিলারা কিছুটা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে যান। তবে দ্রুত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছানোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকেও সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়