
গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : রাজ্যজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার প্রেক্ষাপটে নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি সকলকে গরমজনিত অসুস্থতা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রচণ্ড তাপপ্রবাহে হাঁসফাঁস অসমের নাগরিক জীবন। তার প্রতি লক্ষ্যে রেখে আজ শনিবার নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে রাজ্যে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেক বেশি রয়েছে। তাই তিনি সকলকে নিয়মিত বিরতিতে পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরকে আর্দ্র রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, স্থানীয়ভাবে উপলব্ধ বিভিন্ন ফল এবং প্রাকৃতিক পানীয় প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান, যাতে গরমের প্রভাব মোকাবিলা করা সহজ হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিশেষ করে যাঁদের দিনের বেলায় বাইরে কাজ করতে বা যাতায়াত করতে হয়, তাঁদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। তিনি অপ্রয়োজনীয়ভাবে প্রখর রোদে বের না হতে এবং গরমজনিত শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
তিনি আরও আবেদন জানান, যদি কারও মাথা ঘোরা, দুর্বল লাগা বা গরমের দরুন অন্য কোনও শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দেয়, তা-হলে যেন দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে অসমের স্বাস্থ্য পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে রাজ্যের সর্বত্র চিকিৎসা পরিষেবা এখন অনেক বেশি সহজলভ্য হয়েছে। প্রয়োজন হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে জনগণকে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
সর্বশেষে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় চিকিৎসা যাতে সময়মতো সকলের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস