পরীক্ষায় সফল বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান মন্ত্রী অশ্বিনীর
গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : কামরূপ মহানগর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আজ শনিবার পরীক্ষায় উল্লেখযোগ্যভাবে সফল বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছেন সমাজকল্যাণ ও ক্ষমতায়ন, ভূমি সংরক্ষণ প্রভৃতি দফতরের মন্ত্রী অশ্বিনী রায়
বিশেষভাবে সক্ষম এক ছাত্রকে সম্মাননা প্রদান করছেন মন্ত্রী অশ্বিনী রায় সরকার


গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : কামরূপ মহানগর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আজ শনিবার পরীক্ষায় উল্লেখযোগ্যভাবে সফল বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছেন সমাজকল্যাণ ও ক্ষমতায়ন, ভূমি সংরক্ষণ প্রভৃতি দফতরের মন্ত্রী অশ্বিনী রায় সরকার। তিনি বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী অশ্বিনী বলেন, সমাজের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সম্মান জানানো মানে শুধু তাঁদের শিক্ষাগত সাফল্যকে স্বীকৃতি দেওয়া নয়, তাঁদের কঠোর পরিশ্রম, অদম্য মনোবল এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেও সম্মান জানানো। তিনি এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনও স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যে কোনও বাধা অতিক্রম করা সম্ভব। তিনি বলেন, বিশেষভাবে সক্ষমদের কল্যাণ ও ক্ষমতায়নের ক্ষেত্রে রাজ্য সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সমাজকল্যাণ ও ক্ষমতায়ন দফতরের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বনিয়োজন এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা লাভ করবেন। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের অবদানেরও তিনি উচ্চ প্রশংসা করেন।

অনুষ্ঠানে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সম্মান ও স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও উৎসাহিত করবে এবং বৃহত্তর লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, প্রতিভা ও অধ্যবসায় রাজ্যকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রেল দুর্ঘটনায় একটি পা হারানোর পরও অরুণিমা সিনহা মাউন্ট এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি শুধু বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরই নয়, সমগ্র সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। একইভাবে তিনি বলেন, জ্যাভেলিন তারকা দেবেন্দ্র ঝাঝারিয়া প্যারালিম্পিকে দেশের হয়ে অংশ নিয়ে দু-বার স্বর্ণপদক জয় করেছেন। অন্যদিকে, দুর্ঘটনায় পা হারানোর পর কৃত্রিম পা ব্যবহার করে সুধা চন্দ্রন একজন খ্যাতনামা ভরতনাট্যম শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ তথা দেশে এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মন্ত্রী বলেন, এই ঘটনাগুলি বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বার্তা বহন করে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রতিবন্ধী সুরক্ষা সংস্থা, অসম এই সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জন এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ৫০ জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীকে সম্মান জানানো হয়েছে।

মন্ত্রী অশ্বিনী রায় সরকার সফলভাবে অনুষ্ঠানটির আয়োজন করার জন্য প্রতিবন্ধী সুরক্ষা সংস্থা, অসম-এর পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande