
কলকাতা, ৪ জুলাই (হি. স.):-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সাংবাদিক বৈঠকে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানান, ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় ৭ জুলাই, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়া জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং কলকাতাসহ অন্যান্য জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়