
রেওয়া, ৪ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার শনিবার একদিনের রেওয়া সফরে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন-সহ একাধিক সরকারি ও শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেন। অবধেশ প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের জীবনদর্শন এবং বর্তমান প্রজন্মের ভূমিকা নিয়ে আয়োজিত বিশেষ বক্তৃতা সভাতেও তিনি বক্তব্য রাখেন।
মন্ত্রী পারমার বলেন, স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী নন, তিনি ভারতের আত্মবিশ্বাস, জাতীয় চেতনা এবং যুবশক্তির প্রতীক। তাঁর উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না বার্তা আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং চরিত্র গঠন, আত্মনির্ভরতা, দক্ষতা, উদ্ভাবন এবং জাতি গঠনের মানসিকতা তৈরি করা।
তিনি আরও জানান, জাতীয় শিক্ষা নীতি-২০২০-এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে মধ্যপ্রদেশ সরকার এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ, দক্ষতা ও দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে। বিশ্ববিদ্যালয় চত্বরে স্থাপিত স্বামী বিবেকানন্দের এই মূর্তি ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, সেবা, আত্মশক্তি ও দেশপ্রেমের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন মন্ত্রী। পরে দুপুরে রেওয়ার ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে এবং বিকেলে রেওয়া আয়ুর্বেদ কলেজে সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সন্ধ্যায় রেওয়া রেল স্টেশন থেকে রেওয়াচল এক্সপ্রেসে ভোপালের উদ্দেশে রওনা দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র কুমার কুড়রিয়া, প্রধান বক্তা চেতস সুখাড়িয়া, অধ্যাপক রঘুরাজ কিশোর তিওয়ারি, ড. অজয় তিওয়ারি, রেজিস্ট্রার নীরজা নামদেব, ড. অতুল কুমার তিওয়ারি-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন