
বাঁকুড়া, ৪ জুলাই (হি.স.) : প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা খাতড়ার প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির বিধায়ক কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের দাবিকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খাতড়ায়। বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণসামগ্রী কার্যালয়ের ভিতরে মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিজেপি কর্মী ও স্থানীয়দের একাংশ বিধায়ক কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তাঁদের দাবি, সেখানে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল, শাড়ি, শিশুদের পোশাক, বিশেষভাবে সক্ষমদের জন্য বরাদ্দ ট্রাইসাইকেল-সহ বিভিন্ন সরকারি সামগ্রী মজুত অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ত্রিপল, কম্বল ও পোশাকের একাংশ উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে বলেও অভিযোগ।
বিজেপির অভিযোগ, বর্ষাকালে বহু দরিদ্র মানুষ ত্রিপল ও কম্বলের জন্য আবেদন করলেও তাঁদের হাতে সেই সামগ্রী পৌঁছায়নি। অথচ সরকারি ত্রাণসামগ্রী কার্যালয়ের ভিতরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। উদ্ধার হওয়া সামগ্রী প্রশাসনের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এছাড়াও কার্যালয় থেকে লাঠি, রড, তলোয়ার-সহ কিছু অস্ত্রসদৃশ সামগ্রীও উদ্ধার হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, সরকার পরিবর্তন না হলে বিরোধীদের উপর হামলার উদ্দেশ্যে ওই সামগ্রী মজুত রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনও সরকারি বা পুলিশি নিশ্চিতকরণ মেলেনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।
তবে এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কোনও প্রতিক্রিয়া প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট