আন্তর্জাতিক সমবায় দিবসে বাঁকুড়ায় সমবায় মঞ্চের কর্মসূচি, ১১ দফা দাবিতে স্মারকলিপি
বাঁকুড়া, ৪ জুলাই (হি.স.) : আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে শনিবার বাঁকুড়া পৌরসভার সামনে সমবায় দিবস পালিত হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাপতি অসিত শর্মা। অন
আন্তর্জাতিক সমবায় দিবসে বাঁকুড়ায় সমবায় মঞ্চের কর্মসূচি, ১১ দফা দাবিতে স্মারকলিপি


বাঁকুড়া, ৪ জুলাই (হি.স.) : আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে শনিবার বাঁকুড়া পৌরসভার সামনে সমবায় দিবস পালিত হয়। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাপতি অসিত শর্মা।

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির ফলে সমবায় ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সমবায় ব্যবস্থাকে রক্ষা ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রতীপ মুখার্জি। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক তরুণ রাজ, ভাস্কর সিংহ, উদয় অধূর্য্য, বিশ্বজিৎ সিনহা, অশোক ব্যানার্জি, শ্যামল মুখার্জি, নিমাই প্রতিহার, লক্ষ্মণ মণ্ডল, রুবি চ্যাটার্জি, অমল ব্যানার্জি, ইনামুল হক মণ্ডল, ভৈরব রায়-সহ অন্যান্য সদস্যরা।

পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১১ দফা দাবিতে একটি মিছিল পৌরসভার সামনে থেকে মাচানতলা চত্বর পরিক্রমা করে বাঁকুড়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রধান শাখায় পৌঁছায়। সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে সমবায়গুলিতে নির্বাচন করে প্রকৃত সমবায়ীদের হাতে পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া, বিভিন্ন সমবায় সংস্থা ও সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

পরে সংগঠনের একটি প্রতিনিধি দল ব্যাঙ্কের মুখ্য নির্বাহী আধিকারিকের (সিইও) কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে বাঁকুড়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রধান শাখার পাশাপাশি কোতুলপুরের রামডিহা, চারকোল, মদনমোহনপুর, জয়পুরের জগন্নাথপুর এবং সারেঙ্গার আগয়া-সহ একাধিক শাখায় আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

সংগঠনের দাবি, দীর্ঘ ১৫ বছর পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিনিধি দলের বক্তব্য, সিইও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে সময়সাপেক্ষ হলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande