
খড়গপুর, ৪ জুলাই (হি. স.):-ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে শনিবার অনুষ্ঠিত হল ৭২তম সমাবর্তন অনুষ্ঠান। এদিন মোট ৩,৯৩৬ জন পড়ুয়ার হাতে বিভিন্ন বিষয়ে ডিগ্রি ও সনদ তুলে দেওয়া হয়। সমাবর্তনকে ঘিরে গোটা ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়।প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, এদিন ৫৩৯ জন গবেষককে পিএইচডি, ৩১ জনকে এমএস, ৯০৮ জনকে এমটেক, ১৬৩ জনকে এমবিএ, ৮০১ জনকে ডুয়েল ডিগ্রি, ৬২৮ জনকে বিটেক (অনার্স) এবং ৪০ জনকে বি.আর্চ ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন পাঠ্যক্রমের শিক্ষার্থীরাও তাঁদের ডিগ্রি গ্রহণ করেন।সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী সারদ্বত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা আইআইটি খড়গপুরের প্রাক্তনী ড. সুব্রত গুপ্ত।অনুষ্ঠানে অতিথিরা নবীন স্নাতকদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং দেশ ও সমাজের উন্নয়নে তাঁদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান। সমাবর্তনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তনীদের উপস্থিতিতে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়